তৈরি পোশাকশিল্পে অস্থিরতা কাটাতে কারখানা বন্ধের পথে না গিয়ে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরি নির্ধারণের দাবি জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন। একই সঙ্গে আন্দোলনের ঘটনায় আটক শ্রমিক ও ট্রেড ইউনিয়ন নেতাদের মুক্তি, মামলা প্রত্যাহার এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে তারা।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মীর আবুল কালাম আজাদ।
তিনি বলেন, দ্রব্যমূল্য, বাড়িভাড়া ও নিত্যপ্রয়োজনীয় খরচ বেড়ে যাওয়ায় পোশাকশ্রমিকদের পক্ষে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে দীর্ঘদিন ধরেই শ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। এ বিষয়ে শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে সরকারকে স্মারকলিপিও দেওয়া হয়েছে।
লিখিত বক্তব্যে শ্রমিকদের সাম্প্রতিক কিছু দাবি বাস্তবায়নের বিষয় তুলে ধরে তিনি বলেন, শ্রম আইন সংশোধনের মাধ্যমে চাকরির তিন বছর পূর্ণ হলে বিভিন্ন সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। ২০২৪ সালের ১৮ দফা ত্রিপক্ষীয় চুক্তিতে বার্ষিক মজুরি বৃদ্ধির হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৯ শতাংশ করা হয়। তবে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের তুলনায় এই বৃদ্ধি যথেষ্ট নয় বলে মনে করেন তিনি।
নতুন মজুরি বোর্ড গঠন এবং সেখানে শ্রমিক প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সংগঠনগুলোর মতামত বিবেচনায় নেওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন শ্রমিক নেতারা। তাদের প্রত্যাশা, শ্রমিকদের প্রকৃত চাহিদা এবং সরকারি-বেসরকারি গবেষণার তথ্য পর্যালোচনা করে বোর্ড একটি বাস্তবসম্মত মজুরি সুপারিশ করবে। ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, নতুন মজুরি ২০২৬ সালের ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা।
শ্রমিক নেতারা মনে করেন, শুধু বেতন বাড়ালেই শ্রমিকদের সামগ্রিক সংকট দূর হবে না। বাড়িভাড়া নিয়ন্ত্রণ, নিরাপদ আবাসন, চিকিৎসা, শিক্ষা, যাতায়াত ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাও জরুরি। এসব সমস্যা সমাধানে মালিক, শ্রমিক ও সরকারের মধ্যে নিয়মিত আলোচনা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে মীর আবুল কালাম আজাদ বলেন, কারখানা বন্ধ করে দিলে শ্রমিকদের অনিশ্চয়তা আরও বাড়বে। তাই উৎপাদন বন্ধ না করে আলোচনার মাধ্যমে সংকট মোকাবিলা করতে হবে। পাশাপাশি উসকানি ও স্বার্থান্বেষী মহলের প্ররোচনা এড়িয়ে শ্রমিকদের সংযত থাকার আহ্বান জানান তিনি।
সরকারের কাছে শ্রমিক আন্দোলনের ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানানো হয়। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি প্রকৃত অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলেন শ্রমিক নেতারা।
নভেম্বর ও ডিসেম্বরকে পোশাকশিল্পের জন্য গুরুত্বপূর্ণ সময় উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, এ সময়ে উৎপাদন ব্যাহত হলে শিল্পের পাশাপাশি শ্রমিকদের জীবন-জীবিকাও ক্ষতিগ্রস্ত হবে। প্রায় ৪০ লাখ শ্রমিকের কর্মসংস্থান নির্ভরশীল এ খাতের স্বাভাবিক উৎপাদন ধরে রাখতে মালিকদেরও শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সম্মান দেখানোর আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি), গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ, গার্মেন্টস শ্রমিক শিল্প রক্ষা জাতীয় মঞ্চ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ ও গার্মেন্টস শ্রমিক পরিষদসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।




