রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার ইসিবি চত্বরের নিউ গিনি আবাসন প্রকল্পে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে আবারও হামলা ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জড়িত সন্দেহে ১৪ জনকে আটক করে থানায় নিয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক মো. আল আমিন জানান, জমির মালিকানা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবির কারণে বিরোধের সূত্রপাত। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে ১৪ জনকে আটক করা হয়।
প্রকল্পটির মালিক মো. নাজিম উদ্দিন ভূঁইয়া অভিযোগ করেছেন, তার আবাসন প্রকল্পে দুর্বৃত্তরা আবারও হামলা চালিয়েছে। এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতে একই প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা তৈরি হয়।
আগের হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে সংশ্লিষ্ট সূত্রের দাবি, হামলার পরিকল্পনায় ১৩ জন অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে একজনের সঙ্গে যোগাযোগ করে হামলার জন্য এক কোটি টাকার চুক্তি করা হয়েছিল। পরে লোকজন সংগ্রহ করে হামলার দায়িত্ব দেওয়া হয় মো. যুবরাজকে। তবে এ ঘটনায় অভিযুক্ত যুবরাজকে এখনো গ্রেপ্তার করতে পারেনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
প্রকল্পের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় আগের হামলার ঘটনায় মামলা করেন। ওই মামলায় হামলার পরিকল্পনা ও সরাসরি অংশ নেওয়ার অভিযোগে এ পর্যন্ত ১১ জন গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীও রয়েছেন। গ্রেপ্তারদের আটজন জামিনে মুক্তি পেয়েছেন। এ ছাড়া হামলায় জড়িত সন্দেহে আরও নয়জনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।




