রাজধানীর বিভিন্ন এলাকায় শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পাঁচটি স্থানে অন্তত আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর, থানা, পুলিশের টহল গাড়ি এবং বিমানবন্দরের গোলচত্বর লক্ষ্যবস্তু ছিল। তবে কোনো ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের ভেতরে প্রথম ককটেল বিস্ফোরিত হয়। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, বাইরে থেকে ছোড়া একটি ককটেল সদর দপ্তরের চত্বরে বিস্ফোরিত হয়। আশপাশের কোনো ভবনের ছাদ কিংবা নিচের স্থান থেকে এটি নিক্ষেপ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
রাত ৯টা ৫ মিনিটের দিকে আদাবর থানার সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ককটেল দুটি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
এরপর রাত ১০টা ২০ মিনিটের দিকে শাহবাগ থানার আইবি গেটের সামনে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করা হয়। একই এলাকায় রাত ১২টা ১ মিনিটের দিকে জুলাই চত্বরের পাশেও আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে পুলিশ।
এদিকে রাত পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার জানান, উড়ালসড়ক থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ককটেল দুটি ছুড়ে পালিয়ে যায়।
একই রাতে মিরপুরের কালশী মোড়েও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সরে পড়ে। এ ঘটনার একটি ভিডিও পুলিশের নজরে এসেছে। মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর প্রগতি সরণির কোকাকোলা ক্রসিং এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বাসটি সাভার-নতুন বাজার রুটে চলাচল করত। নতুন বাজারে যাত্রী নামানোর কিছুক্ষণ পর আগুনের ঘটনা ঘটে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।




