রাজধানীর রামপুরার বনশ্রীতে আসফিয়া জাহান নুর নামে চার বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা মেহেরুন নেসাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে বনশ্রীর বি ব্লকের ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাসার তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৭টার দিকে ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ওই বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যার অভিযোগে শিশুটির মাকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, ওই বাসায় স্বামী, স্ত্রী ও সন্তান থাকত। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার সময় শিশুটির বাবা ইমন বাসায় ছিলেন না। তিনি একটি দোকানে কাজ করেন। 
পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে শিশুটিকে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন মা মেহেরুন নেসা। এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন তার স্বামী।