রাজধানীর রূপনগরে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগের তিন নেতাকর্মীসহ চারজন গ্রেপ্তার হয়েছেন। সোমবার ভোরে রূপনগর এলাকার ৮ নম্বর সড়ক থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রূপনগর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. শাকিল হাসান আলিফ (২০), বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাহিদ ইসলাম (৩১) এবং ছাত্রলীগের কর্মী গোলাম রাব্বি (২২) ও মো. জাহিদ (২৬)। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রূপনগর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা রূপনগরসহ ডিএমপির বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে সরকারবিরোধী স্লোগান, আকস্মিক মিছিল ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।




