ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করতে আমিনবাজার ল্যান্ডফিলে আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে এ প্রকল্প থেকে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর মিরপুর ১৪ নম্বর সেক্টরে নতুন একটি আধুনিক সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, বর্জ্য জমিয়ে না রেখে তা কাজে লাগানোর পরিকল্পনা বাস্তবায়নে আমিনবাজারে বিদ্যুৎ উৎপাদনের চুক্তি সম্পন্ন হয়েছে।
বর্জ্য ব্যবস্থাপনায় নিয়ম ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান প্রশাসক। নির্ধারিত এসটিএসের বাইরে সড়কে ময়লা ফেললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নতুন স্টেশনটি ৩ হাজার ১৫০ বর্গফুট জায়গাজুড়ে নির্মাণ করা হয়েছে। আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার মানুষের দুর্ভোগ কমানোই এর অন্যতম লক্ষ্য।
তিনি পরিচ্ছন্নতাকর্মীদের নির্দেশ দেন, বাসাবাড়ি থেকে সংগ্রহ করা বর্জ্য সরাসরি এসটিএসের ভেতরে ফেলতে হবে। স্টেশনের ভেতর ও আশপাশ প্রতিদিন পানি দিয়ে পরিষ্কার করার পাশাপাশি জীবাণু ও দুর্গন্ধ নিয়ন্ত্রণে ব্লিচিং পাউডার ব্যবহারের নির্দেশনাও দেন তিনি। নিয়ম অমান্য করলে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেন ডিএনসিসি প্রশাসক।