রংপুরে জ্বালানি তেল বিক্রিতে পরিমাপে কারচুপির অভিযোগে সিটি ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে পেট্রোল ও অকটেন কম দেওয়ার অনিয়ম ধরা পড়ে।
জ্বালানি তেল বিক্রিতে পরিমাপে কারচুপি প্রতিরোধে রংপুরে ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে বিএসটিআই। এ সময় পেট্রোল ও অকটেন নির্ধারিত পরিমাণের চেয়ে কম দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় নগরীর একটি পাম্প মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শাহানের নেতৃত্বে নগরীর ব্যাংকের মোড় এলাকার সিটি ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, পেট্রোলের ক্ষেত্রে প্রতি ৫ লিটারে ২০ মিলিলিটার এবং অকটেনের ক্ষেত্রে প্রতি ৫ লিটারে ৪০ মিলিলিটার তেল গ্রাহকদের কম দেওয়া হচ্ছে। এ অনিয়মের দায়ে পাম্প মালিককে সতর্কতামূলকভাবে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার মারুফা বেগম, পরিদর্শক আলমাস মিয়াসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শাহান বলেন, গ্রাহকরা যাতে জ্বালানি তেলের পরিমাপে প্রতারিত না হন, সে লক্ষ্যে ফিলিং স্টেশনগুলোতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। সিটি ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। পর্যায়ক্রমে নগরীর সব পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হবে।