সরকারি বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা ভোগ করেও নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত না হয়ে রোগীদের সেবা না দিলে সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মচারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
রোববার নাটোর জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশ দেন। এ সময় তিনি রোগীদের কাছ থেকে ওষুধ ও খাবার না পাওয়ার অভিযোগ শোনেন। হাসপাতালের বাথরুম ও টয়লেটের অপরিচ্ছন্নতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। রোগীদের সুস্থ পরিবেশ নিশ্চিত করতে এসব স্থান সব সময় পরিষ্কার রাখার নির্দেশ দেন তিনি।
হুইপ দুলু বলেন, বর্তমান সরকার জনগণের সরকার এবং জনগণের কাছে জবাবদিহি করতে অঙ্গীকারবদ্ধ। অথচ হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের নির্ধারিত সময়ে উপস্থিত না থাকার অভিযোগ রয়েছে। তিনি নিজেও সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত অপেক্ষা করেও সংশ্লিষ্টদের উপস্থিতি পাননি। তিনি সিভিল সার্জনকে অনুপস্থিতদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি প্রয়োজনে সাময়িক বরখাস্তসহ আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মশিউর রহমান, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাহাবুবুর রহমান, ডা. শান্তসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।