ইসলাম সম্পর্কে অপব্যাখ্যা দিয়ে সমাজে অশান্তি সৃষ্টির চেষ্টা দেশের মানুষ পছন্দ করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, সরকারকে সহযোগিতা না করে রোড মার্চ-লং মার্চের মাধ্যমে কেউ সমাজে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তা হতে দেওয়া হবে না।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী তিতারকান্দি এলাকায় মহিলা দলের পরিচিতি সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ্যানি বলেন, সরকার ক্ষমতায় আসার ছয় মাসে যেসব উন্নয়নমূলক কাজ করছে, অতীতে তা হয়নি। অথচ সরকারের উন্নয়নকাজে সহযোগিতা না করে কেউ কেউ রোড মার্চ-লং মার্চের মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন। দীর্ঘ ১৭ বছর মানুষ নানা কষ্টের মধ্য দিয়ে জীবন কাটিয়েছে। এখন মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে চায়।
রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশে পানিসম্পদমন্ত্রী বলেন, রাজনীতির কাজ শুধু মিছিল-মিটিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। দেশের উন্নয়ন, সমাজের অগ্রগতি ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায়ও কাজ করতে হবে। ধর্মের নামে অপব্যাখ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বন্ধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক কিংবা অন্য কোনো অপকর্মের মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধী যত প্রভাবশালীই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ্যানি বলেন, কঠিন পরিস্থিতি মোকাবিলা করেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে হবে। দলীয় ঐক্য বজায় রেখে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে। দলমত নির্বিশেষে দেশের গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী রাখা এবং অর্জিত স্বাভাবিক জীবনধারা ধরে রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি।




