জাতীয় যুব দিবস উপলক্ষে রংপুরে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৪৬ যুব’র মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে আয়োজনে রবিবার (১ নভেম্বর) দুপুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে ২৬ লাখ ৪ হাজার টাকার ঋণের চেক প্রশিক্ষিত যুবদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আশরাফুল ইসলাম।
জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল ফারুক, মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার আবু সাঈদসহ অন্যরা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশেরও বেশি যুবক। দেশের এই বিশাল যুবশক্তিকে কাজে লাগিয়ে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সর্বোত্তম সুফল নিশ্চিত করতে হবে। যুবসমাজকে শুধু বয়সের নির্দিষ্ট পরিসরে সীমাবদ্ধ না রেখে তাদেরকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ, আত্মনির্ভরশীল ও সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, বিভিন্ন যুব সংগঠনের সদস্য ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এর আগে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস উপলক্ষে সকালে পাবলিক লাইব্রেরী মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালী নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।