শুধু নদী খনন নয়, ঐতিহাসিক প্রবাহপথ পুনরুদ্ধার, দখল-দূষণ বন্ধ এবং ভাঙন রোধের মাধ্যমে ফুলজোড়ার পুনর্জন্ম চান সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে মুন্ডুমালা মহাশ্মশানের নদীগর্ভে বিলীন জমি উদ্ধারের উদ্যোগ এবং ২৬টি ভূমিহীন পরিবারের দীর্ঘ ৩০ বছরের আবাসন সংকট নিরসনের দাবি জানিয়েছেন তাঁরা।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় মুন্ডুমালা মহাশ্মশান চত্বরে বিশ্ব নদী দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন ও আলোচনা সভায় এসব দাবি তুলে ধরা হয়। মথুরা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও স্বেচ্ছাসেবী পরিবেশবাদী সংগঠন মুক্তজীবনের যৌথ অংশগ্রহণে কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ফুলজোড়ার ঐতিহাসিক প্রবাহপথ পুনরুদ্ধারের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে একটি আবেদনপত্র পাঠ করেন বাপার সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ও মুক্তজীবনের সভাপতি দীপক কুমার কর। আবেদনে সিএস, এসএ, আরএস ও বিএস মানচিত্র, পুরোনো ভূমি রেকর্ড এবং স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের মাধ্যমে নদীর প্রকৃত প্রবাহপথ নির্ধারণের দাবি জানানো হয়।
আবেদনপত্রে মুন্ডুমালা মহাশ্মশানের নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া প্রায় ৮০ শতাংশ জমি উদ্ধারের সম্ভাবনা যাচাই, ২৬টি ভূমিহীন পরিবারের বরাদ্দ করা জমির অধিকার নিশ্চিত এবং কেশরখালি খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবি তোলা হয়। পাশাপাশি নদীতে অপরিশোধিত শিল্পবর্জ্য ফেলা বন্ধ, বৈজ্ঞানিক সমীক্ষার ভিত্তিতে নদী খনন, পরিবেশসম্মত ভাঙন প্রতিরোধ এবং দূষণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাপার কেন্দ্রীয় নেতা ও বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন মথুরা সমাজকল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক মো. জাহিদুর রহমান জাহিদ, উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি ডা. চন্দন কুমার সরকার, মুক্তজীবনের সদস্য মো. আলীম তালুকদার এবং মুন্ডুমালা মহাশ্মশান পরিচালনা কমিটির সভাপতি শ্রী জীবনকৃষ্ণ কুণ্ডু, শ্রী রতন কুমার কুণ্ডু, সহসভাপতি শ্রী সঞ্জয় কুমার চন্দ ও সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ কুমার মহন্ত।
সভায় প্রধান অতিথি মুন্ডুমালা মহাশ্মশানের জমি উদ্ধার ও ভূমিহীন পরিবারগুলোর আবাসন জটিলতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। অনুষ্ঠানের শুরুতে মুক্তজীবনের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত খোরশেদ আলম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রয়াত মোমেনা খাতুনের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।