রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তছলিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর-১১ মেট্রোস্টেশনের নিচে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উসকানি ও নির্দেশনায় আড়াই থেকে তিন হাজার ব্যক্তি অংশ নেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, হামলাকারীদের হাতে লাঠিসোঁটা, কাঠের রোল, লোহার রড, পাইপ, ককটেল, পেট্রোলের বোতলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। তারা মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন এবং আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটান।
এ সময় পুলিশের একটি সরকারি পিকআপে আগুন দেওয়া হয়। পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপ করে পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যদের আহত করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যান। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির পৃথক ধারায় পল্লবী থানায় মামলা দায়ের করে পুলিশ। সেই মামলাতেই তছলিম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।