প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং নিরাপদ পশুপালনে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে দৌলতপুর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এতে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা ভূমি কমিশনার প্রদীপ কুমার দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান। এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, গবাদিপশু পালন, খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক ও নিরাপদ খামার ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি এ খাতের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি খামারিদের আরও উৎসাহিত ও সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশুপালন এবং রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানো প্রয়োজন।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের এ আয়োজনের মাধ্যমে স্থানীয় খামারি ও সংশ্লিষ্টদের মধ্যে প্রাণিসম্পদ উন্নয়নে আগ্রহ এবং সচেতনতা বাড়বে বলে আশা প্রকাশ করা হয়।