মেহেরপুরে পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দুই যুবককে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল, পাঁচটি মোবাইল ফোন ও একটি মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের অনলাইন জুয়ার সাইট পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্যপ্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
রবিবার (২৫ অক্টোবর) রাতে সদর উপজেলার বারাদি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা হলেন নতুন দরবেশপুর গ্রামের সাব্বির আহমেদ (২২) ও পিরোজপুর গ্রামের মাফুজুর রহমান ওরফে শিপন (২৬)।
পুলিশ জানায়, বিদ্যালয়ের সামনে কথা-কাটাকাটির একপর্যায়ে পিস্তল দেখিয়ে ভয় দেখানোর ঘটনা ঘটে। খবর পেয়ে মেহেরপুর সদর থানা ও ডিবি পুলিশের সদস্যরা সেখানে অভিযান চালান। পরে দুই যুবককে আটক করে তাদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল, দুটি আইফোন ১৭ প্রো ম্যাক্সসহ পাঁচটি মোবাইল ফোন এবং একটি মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড জব্দ করা হয়।
সোমবার সন্ধ্যায় জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সানা জানান, আটক ব্যক্তিদের মোবাইল ফোন পরীক্ষা করে অনলাইন জুয়ার সাইট পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্যপ্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইনে মামলা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।