সুনামগঞ্জের জামালগঞ্জে রাতের আঁধারে বালুবাহী একটি নৌকা নদীতে তলিয়ে যাওয়ায় দুই শ্রমিকের খোঁজ মিলছে না। দুর্ঘটনার সময় তারা নৌকার বিশ্রামকক্ষে ঘুমিয়ে ছিলেন, প্রাণে বেঁচে ফিরেছেন অন্য চারজন।
সুরমা নদীতে নোঙর করে রাখা বালুবাহী নৌকায় হঠাৎ পানি ঢুকে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ হয়েছেন মোবাশ্বির (২৫) ও মারুফ (১৮) নামে দুই শ্রমিক। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার মাছঘাটের কাছে চামারবাড়ী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ দুজনের বাড়ি উপজেলার ইনাতনগর গ্রামে। মোবাশ্বির ওই গ্রামের আবুল কাশেমের ছেলে এবং মারুফ পিয়াস উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোবিন্দ দাসের মালিকানাধীন তমা নৌ-পরিবহনের বালুবাহী নৌকাটিতে প্রায় ৭৫০ ফুট বালু বোঝাই ছিল। নৌকাটিতে ছয়জন শ্রমিক অবস্থান করছিলেন। রাতের একপর্যায়ে নৌকার ভেতরে পানি প্রবেশ করতে শুরু করে। পরিস্থিতি সামাল দেওয়ার আগেই খুঁটির সঙ্গে বাঁধা নোঙরের রশি ছিঁড়ে যায়। এরপর নৌকাটি নদীর গভীরে তলিয়ে যায়।
দুর্ঘটনার সময় দুই শ্রমিক বিশ্রামকক্ষে ঘুমিয়ে ছিলেন। পানি ঢোকার বিষয়টি বুঝে ওঠার আগেই তারা নদীতে তলিয়ে যান। অন্য চারজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তাদের মধ্যে মোস্তাকিম ও সুমন আহত হওয়ায় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আমিরুল ও অনু দাস সুস্থ রয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ দুই শ্রমিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
জামালগঞ্জ নৌ-পুলিশের পরিদর্শক সজল কানু দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বালুবাহী নৌকাটি ডুবে যাওয়ার ঘটনায় দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।




