চুয়াডাঙ্গার গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামে বদর উদ্দিন (৫৪) নামে এক বিলের পাহারাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত থেকে বুধবার (২৫ নভেম্বর) ভোরের মধ্যে কামরিয়া বিলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।
নিহত বদর উদ্দিন গহেরপুর গ্রামের মাঝেরপাড়ার বাসিন্দা। তিনি মৃত শামসুদ্দিন মণ্ডলের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও নিজের জমি ও মাছ চুরি ঠেকাতে কামরিয়া বিল পাহারা দিতে যান বদর উদ্দিন। রাতে বিলসংলগ্ন একটি কুঁড়েঘরে অবস্থানকালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা।
বুধবার ভোরে নিহতের ছেলে সুমন ঘটনাস্থলে গিয়ে বাবাকে রক্তাক্ত অবস্থায় পানির মধ্যে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তার মাথায় ধারালো অস্ত্রের ১০ থেকে ১২টি কোপের চিহ্ন দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।




