ময়মনসিংহে চলন্ত অবস্থায় আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা ময়মনসিংহ রেলপথে প্রায় ত্রিশ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল।
রবিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে চারটা দিকে নগরীর সুতিয়াখালী এলাকায় বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনাটি ঘটে।পরে হুক মেরামতের পর বিকেল পাঁচটার দিকে ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সুতিয়াখালী এলাকায় অতিক্রম করার সময় ট্রেনটির বগির সংযোগ স্থল হুক (কাপলিং)ভেঙে যায়। এতে বিচ্ছিন্ন হওয়া চারটি বগি রেখে ট্রেনটি কয়েকশতগজ দূরে চলে যায়। এই ঘটনায় ঢাকা -ময়মনসিংহ রেলপথে প্রায় আধাঘন্ট ট্রেন চলাচল বন্ধ ছিল।
ওসি আকতার হোসেন আরও বলেন, বিষয়টি টের পেয়ে চালক ট্রেনটি থামিয়ে দেয় এবং পিছনে পুশ ব্যাক করে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির কাছে নিয়ে যায়। পরে রেলওয়ে কর্মীদের চেষ্টায় পাঁচটার দিকে ট্রেনের বিচ্ছিন্ন হওয়া বগি পুনরায় সংযুক্ত করা হয়। সংযুক্ত করার পর ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়। বর্তমানে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে গত মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা পৌনে এগারোটা দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি গফরগাঁও উপজেলার কাওরাইদ এবং মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে এলাকায় পৌঁছলে ট্রেনটির বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।