নেত্রকোনা সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে ১ লাখ ৩২ হাজার ৭২০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৩৯৪ বোতল অলিভ অয়েল, ৫৪০ কেজি কয়লা ও ৬০০ পিস বাঁশ।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। বিজিবি জানায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মোহনপুর বিওপির টহল দল মহেষখোলা নদী এলাকায় অভিযান চালিয়ে ৫৪০ কেজি ভারতীয় কয়লা জব্দ করে। এর বাজারমূল্য ১০ হাজার ৮০০ টাকা। পরে কাস্টমস অফিসের প্রতিনিধির উপস্থিতিতে কয়লাগুলো নিলামে বিক্রি করা হয়।
একই দিন সকাল ৯টার দিকে বিজয়পুর বিওপির সদস্যরা সোমেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ভাসমান অবস্থায় ৬০০ পিস ভারতীয় বাঁশ উদ্ধার করেন। জব্দ করা বাঁশের মূল্য ১২ হাজার টাকা। এগুলো বনবিট অফিসের প্রতিনিধির উপস্থিতিতে নিলামে বিক্রি করা হয়।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে নলুয়াপাড়া বিওপির টহল দল বাদামবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৩৯৪ বোতল ভারতীয় অলিভ অয়েল জব্দ করে। এসব পণ্যের মূল্য ১ লাখ ৯ হাজার ৯২০ টাকা। আইনানুগ প্রক্রিয়া শেষে অলিভ অয়েল নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। নেত্রকোনা ব্যাটালিয়ন জানিয়েছে, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।