বর্জ্যকে সম্পদে রূপান্তর এবং জ্বালানি সংকট মোকাবিলায় কক্সবাজারের চকরিয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে মঙ্গলবার (২০ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
অনুষ্ঠানে স্থানীয় তরুণদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, পরিবেশ সুরক্ষা ও জ্বালানি সংকট থেকে উত্তরণে বায়োগ্যাস প্লান্ট কার্যকর উদ্যোগ। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূল পর্যায়ের তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, মাত্র তিনটি গরু থাকলেও একটি পারিবারিক বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা সম্ভব। এর মাধ্যমে পরিবারে জ্বালানির চাহিদা পূরণের পাশাপাশি আমদানি করা গ্যাসের ওপর নির্ভরতা কমানো যেতে পারে।
তিনি আরও বলেন, সময়ের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রম আধুনিকায়ন করা হচ্ছে। যুবসমাজকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে বেকারত্ব দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের প্রত্যন্ত অঞ্চলেও বায়োগ্যাস প্লান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে।
যুবকদের আত্মকর্মসংস্থান বাড়াতে প্রশিক্ষণের পাশাপাশি সহজ শর্তে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ঋণের পরিমাণ বাড়ানোর বিষয়েও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় তরুণদের এ সুযোগ কাজে লাগিয়ে নিজেদের উদ্যোগে বায়োগ্যাস প্লান্ট স্থাপনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে দুই খামারিকে দুই লাখ টাকা করে ঋণ সহায়তা দেওয়া হয়। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্রও বিতরণ করা হয়। এ সময় প্রকল্প পরিচালক এ কে এম মফিজুল ইসলাম, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় খামারি, গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।