চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির ২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদসহ নয়টি পদে জয় পেয়েছে বিএনপি সমর্থিত প্যানেল। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরা সাধারণ সম্পাদকসহ চারটি পদে এবং জামায়াত সমর্থিত ল’ইয়াস কাউন্সিলের দুই প্রার্থী বিজয়ী হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টায় ভোট গণনা শেষে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সিরাজুল ইসলাম (১)। নির্বাচনে সমিতির মোট ২২০ জন ভোটারের মধ্যে ২০৯ জন ভোট দেন। এর মধ্যে চারটি ভোট বাতিল হয়।
সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী আলহাজ্ব মুন্সী মো. শাহজাহান মুকুল ১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আকসিজুল ইসলাম রতন পেয়েছেন ৯৫ ভোট।
সহসভাপতি পদে এস এম আসাদুজ্জামান গণি সালাম ১৫৪ ভোট এবং মামুন আক্তার ১২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তাদের প্রতিদ্বন্দ্বী আলী হোসেন ৭২ ও মোসলেম উদ্দীন (২) ৬৩ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী আফজালুল হক আফজাল ৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার) ৬৪ এবং বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল মজিদ ৫৯ ভোট পেয়েছেন।
যুগ্ম সম্পাদক পদে মোছা. তানিয়া লাঞ্চ ১১৪ ভোট এবং হারুনর রশিদ বাবলু ১০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী মসিউর রহমান পারভেজ ১০১ ও আলহাজ্ব আফরুজা আকতার বীথি ৯৫ ভোট পেয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত ছয়জন হলেন মুহাম্মদ ইকরামুল হক ১৪৫ ভোট, আলম আমিন বিশ্বাস (মাহাম্মদ) ১১৯ ভোট, মো. ফরজ আলী ১১৪ ভোট, আশিকুর রহমান রাজ ১০৮ ভোট, সাকিবুর রহমান সাকিব ১০৩ ভোট এবং তানভীর আহম্মদ শাওন ৯৫ ভোট।
এ পদে পরাজিত প্রার্থীদের মধ্যে মো. আক্তার আলী ৮৮, বেলাল হোসেন বাদল ৮৭, সেলিনা খাতুন ৮৫, সৈয়দ ফারুক উদ্দিন আহম্মদ ৮৫, শরিফুল ইসলাম (২) এবং হাসিবুল ইসলাম ইব্রাহিম ৮১ ও আমজাদ আলী শাহ ৪৮ ভোট পেয়েছেন।
এদিকে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলের তিন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন কোষাধ্যক্ষ পদে এসএম হুমায়ুন কবীর, গ্রন্থাগার সম্পাদক পদে মো. আতিয়ার রহমান (২) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. বজলুর রহমান ডাবলু।
বিজয়ের পর প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক আফজালুল হক আফজাল তাকে ভোট দিয়ে সম্মানিত করায় আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানান। চলতি মাসের ৮ তারিখে তার বাবা মারা গেছেন উল্লেখ করে তিনি বলেন, বাবার দোয়া ছিল তার সঙ্গে। এ বিজয় তিনি বাবাকে উৎসর্গ করছেন।
নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মুন্সী মো. শাহজাহান মুকুল মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে ভোট ও সমর্থন দেওয়ায় সমিতির সদস্যদের ধন্যবাদ জানান।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সিরাজুল ইসলাম (১) বলেন, সাংবাদিক ও সহকর্মীদের সহযোগিতায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আলহাজ্ব এম এম মনোয়ার হোসেন ও অ্যাডভোকেট ওহিদুজ্জামান মুকুল।




