একদিকে বাহারি স্বাদের দেশীয় পিঠা, অন্যদিকে নারীদের হাতে তৈরি হস্তশিল্প ও ঘরোয়া খাবারের সমাহার। কোথাও পিঠা তৈরির নৈপুণ্য প্রদর্শন, কোথাও আবার নিজের উদ্যোগে গড়ে তোলা পণ্যের পসরা সাজিয়ে ক্রেতার অপেক্ষা। ঐতিহ্যের সঙ্গে নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী হওয়ার প্রত্যয় মিলিয়ে চাঁদপুরে অনুষ্ঠিত হলো আঞ্চলিক পিঠা প্রতিযোগিতা ও উদ্যোক্তা মেলা।
শনিবার (২৮ নভেম্বর) চাঁদপুর রোটারিয়ান ক্লাব মিলনায়তনে নারী উদ্যোক্তাদের সংগঠন 'আমরা আলোকিত নারী' এবং লবী রহমান কুকিং ফাউন্ডেশনের যৌথ আয়োজনে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।
আবহমান বাংলার কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন ১২৫ জন নারী উদ্যোক্তা। তাদের অংশগ্রহণে ৪০টি স্টলে প্রদর্শিত ও বিক্রি হয় নিজেদের উৎপাদিত হস্তশিল্পের বিভিন্ন পণ্যসামগ্রী এবং ঘরে তৈরি খাবার। পাশাপাশি আঞ্চলিক পিঠা প্রতিযোগিতায় অংশ নিয়ে নারী উদ্যোক্তারা নিজেদের হাতে তৈরি বাহারি স্বাদের দেশীয় পিঠা প্রদর্শন করেন।
প্রতিযোগিতায় নির্বাচিত অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয়। জেলা পর্যায়ে নির্বাচিত এসব প্রতিযোগী আগামীতে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত পিঠা উৎসবে অংশগ্রহণের সুযোগ পাবেন। এর মধ্য দিয়ে চাঁদপুরের নারী উদ্যোক্তাদের জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা ও দক্ষতা তুলে ধরার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
শুধু পিঠা কিংবা পণ্যের প্রদর্শনী নয়, আয়োজনজুড়ে ছিল নারীদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। সমাপনী অনুষ্ঠানে একাধিক ক্যাটাগরিতে চাঁদপুরের অদম্য সাহসী নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া শীতের পিঠা ও দেশজ সংস্কৃতিকে উপজীব্য করে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর শিল্পীরা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন।
এদিন দুপুরে মেলা ও পিঠা প্রতিযোগিতা পরিদর্শন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় তিনি নারী উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্যোগকে উৎসাহিত করেন। চাঁদপুরের নারী উদ্যোক্তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
বিকেলে অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে অনলাইনে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন আমরা আলোকিত নারী সংগঠনের প্রতিষ্ঠাতা শারমিন আক্তার জুঁই। শুভেচ্ছা বক্তব্য রাখেন লবী রহমান কুকিং ফাউন্ডেশনের চেয়ারম্যান লবী রহমান, চাঁদপুর জজ কোর্টের পিপি ও জেলা মহিলা দলের সহ-সভাপতি কোহিনুর আক্তার এবং নারী সংগঠক ও জেলা মহিলা দলের সহ-সভাপতি নাঈমা মোশারফ।
সভাপতির বক্তব্যে শারমিন আক্তার জুঁই বলেন, আমাদের সংগঠন চাঁদপুরের পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছে। পাশাপাশি অদম্য সাহসী নারী উদ্যোক্তাদের দক্ষ করে গড়ে তুলতে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। নারী উদ্যোক্তারা মূলত তাদের উৎপাদিত পণ্য অনলাইন মার্কেটে বিক্রি করেন। তাই অনলাইন ব্যবসার পাশাপাশি সরাসরি ক্রেতাদের সঙ্গে সম্পর্ক ও সেতুবন্ধন তৈরি করতেই এ উদ্যোক্তা মেলার আয়োজন। এ আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
দিনব্যাপী এ আয়োজনে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন, নারী সংগঠক ও পৌর মহিলা দলের সভানেত্রী জোহরা আনোয়ার হীরা, সাধারণ সম্পাদিকা নাহিদা সুলতানা সেতু, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর অধ্যক্ষ শিপ্রা মজুমদার, চাঁদপুর সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নাসিমা আক্তার, সাধারণ সম্পাদক জান্নাত আক্তারসহ আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আমরা আলোকিত নারী সংগঠনের সদস্যরা।