কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত ও মানবপাচারকারী চক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে। এ সময় অপহরণের শিকার দুই জিম্মিকে উদ্ধার করা হয়।
শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর সূত্রে এ তথ্য জানা গেছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ উপজেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনীর নেতৃত্বে একাধিক যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সৈনিক তিতাস হত্যা মামলার আসামিসহ ডাকাত ও মানবপাচারকারী চক্রের সাত সদস্যকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি দুটি এলজি, একটি একনলা বন্দুক ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি অপহরণের শিকার দুই ব্যক্তিকে জিম্মিদশা থেকে উদ্ধার করা হয়েছে।
জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মানবপাচারকারী ও ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।