উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা, নতুন উদ্যোক্তা তৈরি এবং সৎ ও আদর্শ ব্যবসায়ী গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে ব্যবসায়ীদের উৎপাদন খাতে আরও সক্রিয় হতে হবে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডাব্লিউএফ) জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে। ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ স্লোগান সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে পাঁচ শতাধিক ব্যবসায়ী অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে বাংলাদেশকে উৎপাদনমুখী হতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার বিকল্প নেই। ১৮ কোটি মানুষের বাজার বাংলাদেশের জন্য বড় সম্ভাবনা তৈরি করেছে। এই সম্ভাবনা কাজে লাগাতে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, সম্পদ অর্জন করতে হবে সৎ পথে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রম থাকলে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব। সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি আরও উদ্যোক্তা তৈরির ওপর জোর দেন।
আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।
জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল। ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজসহ অন্যরা। বক্তারা ব্যবসায়িক অভিজ্ঞতা তুলে ধরে নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্য এবং সততার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।