চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে মারসা বাস ও একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে গাছবাড়িয়া সরকারি কলেজের উত্তর পাশে চন্দনাইশ ব্র্যাক আঞ্চলিক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন আগ্রাবাদ এলাকার সৈয়দ মো. রিদোয়ান (৪৫), সৈয়দ মো. মনজুর (১৩), জান্নাতুল আফরা (৭), মোছাম্মৎ আনিস খাতিজা (৩৫) এবং প্রাইভেট কারচালক মো. আনোয়ার (৩২)। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা দেওয়ার পর রিদোয়ানকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কক্সবাজার থেকে আসা মারসা বাসটি (চট্টমেট্রো-ব-১১-১২১৩) লেন অতিক্রম করে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারটির (চট্টমেট্রো-গ-১২-৬০৪৭) সঙ্গে সংঘর্ষ হয়। প্রাইভেট কারটি চট্টগ্রাম থেকে সাতকানিয়ার দিকে যাচ্ছিল।
বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. নুরুল আবছার বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে বাস ও প্রাইভেট কারটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। দুর্ঘটনার ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।