ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। প্রকৃত উপকারভোগীরা যাতে এ সুবিধা পান, সে জন্য সরকার সতর্ক রয়েছে বলেও জানান তিনি।
বুধবার (১৪ অক্টোবর) টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ ছিল নির্বাচনী প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। নারীদের সংসারের খরচ মেটাতে সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, বিএনপি যা বলে, তা করে দেখায়; আওয়ামী লীগের মতো মিথ্যা আশ্বাস ও প্রতিশ্রুতি দেয় না।
তিনি আরও বলেন, মাঠপর্যায়ে তথ্যসংগ্রহ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপকারভোগী পরিবার চিহ্নিত করা হবে। প্রতিটি ইউনিয়নে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে এবং কেউ বাদ পড়বে না। এ কার্যক্রমে অনিয়ম বা অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।
আসন্ন শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক নজরদারির পাশাপাশি পূজামণ্ডপগুলোকে সার্বিক সহযোগিতা করবে প্রশাসন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শহীদুল্লাহ, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. মাহমুদুল হক সানু এবং সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া।