পাবনা সদর উপজেলার নুরে মদিনা মহিলা মাদ্রাসার এক ছাত্রীর প্রতি যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আবু ইউসুফকে আটক করা হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর শুক্রবার সকালে বিক্ষুব্ধ লোকজন মাদ্রাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের দড়ি ভাউডাঙ্গা কদমতলা গ্রামে অবস্থিত মাদ্রাসাটিতে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। অভিযোগ অনুযায়ী, শিক্ষক আবু ইউসুফের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠার পর ছাত্রীটি গভীর রাতে মাদ্রাসা থেকে বেরিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়।
পরে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশের হাতে তুলে দেন। অভিযুক্ত শিক্ষক সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের খালিশপুর গ্রামের বাসিন্দা।
শুক্রবার সকালে উত্তেজিত লোকজন মাদ্রাসায় ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে অভিযুক্ত শিক্ষক ও ছাত্রী পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
পাবনার পুলিশ সুপার আলী আশ্রাফ জানান, অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদ্রাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাটিও তদন্ত করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।