২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ০৭ শতাংশ। গত বছর এ হার ছিল ৫২ দশমিক ৫৭ শতাংশ। তবে পাসের হারের সামান্য অবনতির পাশাপাশি এবার বড় ধাক্কা লেগেছে জিপিএ-৫ প্রাপ্তিতে। গত বছরের তুলনায় অর্ধেকেরও বেশি কমে এবার জিপিএ-৫ পেয়েছে মাত্র ২ হাজার ৯২৯ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ৬ হাজার ৯৭ জন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, এবার বোর্ডের অধীনে ১১৪টি কেন্দ্রে ২৮৩টি কলেজের ৯৯ হাজার ৮৭৯ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধিত ছিল। গত বছর ১১৫টি কেন্দ্রে ২৮১টি কলেজের ১ লাখ ২ হাজার ৯৭০ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিল।
এবার পরীক্ষায় অংশ নেয় ৯৬ হাজার ৩৩৫ জন। গত বছর অংশ নিয়েছিল ১ লাখ ১ হাজার ৮৮৮ জন। অর্থাৎ এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৫ হাজার ৫৫৩ জন। এ বছর অনুপস্থিত ছিল ৩ হাজার ৫৪৪ জন শিক্ষার্থী, গত বছর এ সংখ্যা ছিল ১ হাজার ৮২ জন। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ২৭ জনকে। গত বছর বহিষ্কৃত হয়েছিল ৩৮ জন। এ ছাড়া এবার একটি ফল স্থগিত রাখা হয়েছে।
ছাত্রীদের পাসের হার বেশি
এবারও চট্টগ্রাম বোর্ডে ছাত্রীদের পাসের হার ছাত্রদের তুলনায় বেশি। ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৬২ শতাংশ, গত বছর যা ছিল ৪৪ দশমিক ৯৫ শতাংশ। অন্যদিকে ছাত্রীদের পাসের হার ৫৬ দশমিক ৪৯ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৫ দশমিক ৪৯ শতাংশ।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৪ দশমিক ৪২ শতাংশ। গত বছর এ হার ছিল ৭৮ দশমিক ৭৫ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার ৩৮ দশমিক ৩৬ শতাংশে। গত বছর এ বিভাগে পাসের হার ছিল ৩৭ দশমিক ৮০ শতাংশ। তবে ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার কমেছে। এবার এ বিভাগে পাস করেছে ৫৪ দশমিক ১৪ শতাংশ শিক্ষার্থী, গত বছর যা ছিল ৫৫ দশমিক ৩০ শতাংশ।
জেলাভিত্তিক ফলে এগিয়ে চট্টগ্রাম মহানগর
জেলাভিত্তিক ফলাফলে চট্টগ্রাম মহানগরে পাসের হার ৬৬ দশমিক ২০ শতাংশ। গত বছর এ হার ছিল ৭০ দশমিক ৯০ শতাংশ। মহানগর বাদে চট্টগ্রাম জেলায় পাসের হার ৪৫ দশমিক ৫৯ শতাংশ, যা গত বছর ছিল ৪৩ দশমিক ৬৩ শতাংশ। মহানগরসহ পুরো চট্টগ্রাম জেলায় এবার পাসের হার ৫৭ দশমিক ৮২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৭ দশমিক ৯০ শতাংশ।
বোর্ডের অধীন অন্য চার জেলার মধ্যে কক্সবাজারে পাসের হার ৪৩ দশমিক ৩৪ শতাংশ। গত বছর ছিল ৪৫ দশমিক ৩৯ শতাংশ। রাঙামাটিতে এবার পাস করেছে ৩৩ দশমিক ২৪ শতাংশ, গত বছর যা ছিল ৪১ দশমিক ২৪ শতাংশ। খাগড়াছড়িতে পাসের হার ২৯ দশমিক ৮৫ শতাংশ, গত বছর ছিল ৩৫ দশমিক ৫৩ শতাংশ। অন্যদিকে বান্দরবানে পাসের হার বেড়ে হয়েছে ৪১ দশমিক ৪২ শতাংশ। গত বছর এ হার ছিল ৩৬ দশমিক ৭৮ শতাংশ।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, এবার বোর্ডের অধীন জেলাগুলোর মধ্যে খাগড়াছড়িতে পাসের হার সবচেয়ে কম। এ ছাড়া কক্সবাজার ও রাঙামাটিতেও পাসের হার কমেছে। অন্যদিকে বান্দরবান এবং মহানগর বাদে চট্টগ্রাম জেলায় পাসের হার বেড়েছে।
তিন কলেজে কেউ পাস করেনি
কলেজভিত্তিক ফলাফলেও উঠে এসেছে মিশ্র চিত্র। এবার তিনটি কলেজের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গত বছর এ সংখ্যা ছিল পাঁচটি। শতভাগ পাস করেছে ছয়টি কলেজ, গত বছর এ সংখ্যা ছিল আটটি।
পাসের হার শূন্যের বেশি থেকে ১০ শতাংশ পর্যন্ত রয়েছে ১০টি কলেজে। গত বছর এমন কলেজ ছিল ছয়টি। ১০ শতাংশের বেশি থেকে ২০ শতাংশ পর্যন্ত পাসের হার রয়েছে ২৭টি কলেজে, গত বছর ছিল ৪২টি। ২০ শতাংশের বেশি থেকে ৫০ শতাংশ পর্যন্ত পাসের হার রয়েছে ১৫৫টি কলেজে। গত বছর এ সংখ্যা ছিল ১৩৪টি। আর ৫০ শতাংশের বেশি থেকে ১০০ শতাংশের কম পাসের হার রয়েছে ৮২টি কলেজে। গত বছর এমন কলেজ ছিল ৮৬টি।




