শিল্পকারখানায় কাজের উপযোগী দক্ষ কর্মী তৈরিতে রংপুরে শুরু হয়েছে ওয়েল্ডিং পদ্ধতিবিষয়ক পাঁচ দিনের প্রশিক্ষণ। রবিবার (১১ অক্টোবর) রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সম্মেলনকক্ষে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কর্মসংস্থানের সুযোগ বাড়ায়। শিল্পকারখানার গুরুত্বপূর্ণ কাজ ওয়েল্ডিং সঠিকভাবে করতে প্রয়োজন কারিগরি জ্ঞান ও হাতে-কলমে প্রশিক্ষণ। সরকারের অর্থায়নে আয়োজিত এ প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগানোর ওপরও তিনি গুরুত্ব দেন। তিনি বলেন, দক্ষ জনশক্তি তৈরি করে বেকারত্ব কমানো ও দেশের অগ্রগতিতে অবদান রাখা সম্ভব। এ লক্ষ্য পূরণে আরও বেশি প্রশিক্ষণের আয়োজন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. সিদ্দিক সফিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন রংপুর ও দিনাজপুর বিসিক জেলা কার্যালয়ের কর্মকর্তারা এবং রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের চিফ ইনস্ট্রাক্টর মো. সফিউল আলম। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের জেলা কার্যালয় আয়োজিত এ প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।




