নারায়ণগঞ্জ বন্দরে তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইউনুস রাশিদ নিঝুম (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা ফারহান (১৯) নামের অপর এক যুবক।
গতকাল শুক্রবার রাত ১০টায় সেতুর মদনগঞ্জগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিঝুম বন্দর উপজেলার নবীগঞ্জ মোল্লাবাড়ি এলাকার মাসুদ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মদনগঞ্জগামী লেনে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলেই নিঝুমের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মিলন বর্মন বলেন, নিহত নিঝুমের মাথা, গলা, হাত ও পায়ে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। এছাড়া আহত ফারহানকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।