বাবা পেশায় ভ্যানচালক। সীমিত সামর্থ্যের মধ্যেও পড়াশোনায় অসাধারণ সাফল্য অর্জন করেছে নাটোরের গুরুদাসপুরের শিক্ষার্থী মো. সাহাদৎ হোসেন। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের মানবিক বিভাগে ১ হাজার ১৬৭ নম্বর পেয়ে প্রথম হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুবজীপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজের এইচএসসি ২০০৪ ব্যাচের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা ডা. মো. সিরাজুল ইসলাম শিশির। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জনতা ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মোবারক হোসেন।
বক্তারা সাহাদতের সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, মেধাবী শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাদের অর্জন দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাহাদতের পরিবারের অন্য সদস্যরাও উচ্চশিক্ষিত। তার বড় বোন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগ থেকে পড়াশোনা করেছেন। ভাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। সাহাদতেরও আইন বিষয়ে উচ্চশিক্ষা নেওয়ার ইচ্ছা রয়েছে।