ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শনিবার ময়মনসিংহের নান্দাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
চন্ডিপাশা স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, যারা মানুষের প্রাণহানি ঘটিয়ে দেশ ছেড়েছেন, তাঁদের দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া উচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য না দিয়ে সরাসরি দেশে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে তাদের দেশে ফেরার টিকিটের ব্যবস্থাও করা হবে।
ইয়াসের খান চৌধুরী অভিযোগ করেন, বিগত সময়ে মানুষের ভোটাধিকার হরণ, দুর্নীতি, অর্থ লুটপাট, গুম ও হত্যার ঘটনা ঘটেছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে নারী ও শিশুসহ যাঁরা প্রাণ হারিয়েছেন, সেসব ঘটনার বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা ব্যাহত করতে কোনো ধরনের অপতৎপরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা প্রতিহত করতে হবে। সন্দেহজনক কাউকে দেখলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তরের আহ্বানও জানান তিনি।
নান্দাইলের উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ দিতে গিয়ে তিনি জানান, এলাকায় ১৮৬টি সড়কে ইটের সোলিং করা হয়েছে। আরও ১০৪টি সড়কের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া সাড়ে ১১ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন সড়ক সংস্কারের অনুদান আনা হয়েছে। গৃহহীনদের জন্য ৩৬টি ঘর দেওয়া হয়েছে এবং চলতি বছর আরও ১০৪টি ঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে। জাহাঙ্গীরপুর ও চরবেতাগৈর সেতু নির্মাণের পাশাপাশি ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন অনুমোদনের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জনগণের মতামত ও জরিপের ভিত্তিতে বিএনপি প্রার্থী বাছাই করবে। নির্বাচনে উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে যোগ্য ব্যক্তিদের বিজয়ী করার আহ্বান জানান তিনি।
সমাবেশে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জনগণের কর্মী হিসেবে তিনি ভবিষ্যতেও এলাকার মানুষের পাশে থাকতে চান।