দিনাজপুরে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে শুভ সকাল ব্যায়াম কেন্দ্র। দিবসটি উপলক্ষে সংগঠনের ১৫০ জন নারী ও পুরুষ সদস্যের মধ্যে সকালের খাবার পরিবেশন করা হয়।
দিনাজপুর শহরের শিশু পার্কে প্রতিদিন সকালে শরীরচর্চার জন্য বিভিন্ন বয়সী মানুষ একত্রিত হন। সুস্থ ও কর্মক্ষম জীবন গড়ার লক্ষ্যে সেখানে নিয়মিত ব্যায়াম করেন তারা। আয়োজনটির জন্য শুভ সকাল ব্যায়াম কেন্দ্রের সভাপতি ও চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শহীদুল্লাহকে ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা বলেন, শরীর ও মন ভালো রাখতে ঘুম থেকে ওঠার পর ব্যায়ামের বিকল্প নেই। সুস্থ শরীর মানুষের জন্য সৃষ্টিকর্তার দেওয়া অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। তাই সুস্থ থাকতে নিয়মিত শারীরিক চর্চার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।
ক্যাপ্টেন তরিকুল ইসলাম বলেন, শরীরচর্চা মানুষের জীবনে শৃঙ্খলাবোধ তৈরি করে। এ কারণে উন্মুক্ত স্থানে নিয়মিত ব্যায়াম করার জন্য তিনি সবাইকে আহ্বান জানান। ২০১৬ সালে যাত্রা শুরু করে শুভ সকাল ব্যায়াম কেন্দ্র। দীর্ঘ পথচলায় সংগঠনটি ১০ বছরে পদার্পণ করেছে।