প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে সমন্বিত উদ্যোগ এবং কার্যকর রেফারেল পদ্ধতি গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে রংপুরে একটি নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বেসরকারি সংস্থা ব্লাস্টের আয়োজনে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত জাহান। সভা সঞ্চালনা করেন ব্লাস্ট রংপুরের সমন্বয়কারী অ্যাডভোকেট দিলরুবা রহমান।
সভায় বক্তারা বলেন, নারী, শিশু, দলিত, সমতল ভূমির আদিবাসী, প্রতিবন্ধী ব্যক্তি ও জলবায়ু-প্রভাবিত এলাকার মানুষ বিভিন্ন ক্ষেত্রে ন্যায়বিচার ও প্রাতিষ্ঠানিক সেবা পেতে সমস্যার সম্মুখীন হন। এসব মানুষের আইনি সেবা পাওয়ার পথ সহজ করতে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ ও রেফারেল ব্যবস্থা প্রয়োজন। একই সঙ্গে বিভিন্ন ধরনের সহিংসতা প্রতিরোধেও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তারা।
বক্তারা জানান, ফৌজদারি অপরাধের বাইরে আপসযোগ্য বিরোধ মীমাংসায় লিগ্যাল এইড কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপস-মীমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হলে বিচারপ্রার্থীদের খরচ ও ভোগান্তি কমে। এ কারণে প্রান্তিক জনগোষ্ঠীকে বিনা মূল্যে আইনগত সহায়তা এবং আপস-মীমাংসার সুযোগ সম্পর্কে জানাতে হবে।
সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুল আলম, রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শাকিল, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সেলোয়ারা বেগম, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নুসরাত ফাতেমা, পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক সাইফুল ইসলাম, ভিকটিম সাপোর্ট সেন্টারের এএসআই নবয়িন আক্তার চম্পা, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের সমন্বয়কারী ডা. সোহেলী বিনতে মোস্তফা, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন এবং ব্লাস্টের আইনজীবী অ্যাডভোকেট মোনালিসা আক্তারসহ অন্যরা।
সভায় জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, আইন প্রয়োগকারী সংস্থা, হাসপাতাল, জেলা আইনগত সহায়তা কমিটি এবং বিভিন্ন আইনগত সহায়তাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।




