নেত্রকোনার দুর্গাপুরে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগ করে নিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। মঙ্গলবার সন্ধ্যায় তিনি পৌর শহরের মণ্ডপগুলো পায়ে হেঁটে ঘুরে দেখেন এবং পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের এই সংসদ সদস্য মণ্ডপে মণ্ডপে গিয়ে প্রতিমা ও সাজসজ্জা দেখেন। পূজা উদ্যাপন কমিটির সদস্য, পুরোহিত ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলে উৎসবের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় আয়োজকদের সঙ্গে মিষ্টিমুখের মধ্য দিয়ে উৎসবের আনন্দে অংশ নেন তিনি।
পরিদর্শনের একপর্যায়ে পৌর শহরের ঋষিপাড়া পূজামণ্ডপে যান ডেপুটি স্পিকার। সেখানে ঋষি সম্প্রদায়ের শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের শুভেচ্ছা জানান। মণ্ডপে উপস্থিত শিশু ও অন্য দর্শনার্থীদের সঙ্গে তার ছবি তোলার দৃশ্যও ছিল উৎসবের অংশ।এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা ও পৌর বিএনপির নেতারা এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি ধরে রাখতে হবে। দুর্গাপুর ও কলমাকান্দার দীর্ঘদিনের সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে সবাইকে আনন্দের সঙ্গে দুর্গোৎসব পালনের আহ্বান জানান তিনি।




