শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত স্বাদ ও অর্থ উপলব্ধি করার সুযোগ করে দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
শনিবার সকাল ৭টায় রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন জিয়াউর রহমান। তার মতে, এরশাদ কিংবা আইয়ুব খানের মতো পেছনের দরজা দিয়ে বা স্বৈরাচারী পন্থায় তিনি রাষ্ট্রক্ষমতায় আসেননি। মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
মিজানুর রহমান মিনু আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জিয়াউর রহমানকে বিভিন্ন সময় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তার রেখে যাওয়া আদর্শ অনুসরণ করে বিএনপি দেশের মানুষের অধিকার ও কল্যাণে কাজ করে যাচ্ছে। এর আগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন তিনি।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল। এ ছাড়া মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীতে জেলা প্রশাসন ও বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।




