ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে নানা কর্মসূচি পালন করেছে বিএনপি। এ উপলক্ষে শনিবার দুপুরে শহরে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
শহরের স্টেশন রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির জলবায়ু পরিবর্তনবিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল এমপি এবং ইসলামপুর আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।
প্রধান অতিথির বক্তব্যে শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ও নেতৃত্ব দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তিনি নিজে সম্মুখযুদ্ধে অংশ নিয়েছেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বলেও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বিভিন্ন ইস্যুতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের প্রধান সড়কে শোভাযাত্রা বের করেন। বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রাটি তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।