নড়াইল সদর উপজেলায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৫০ বোতল নেশাজাতীয় পানীয় ‘এস্কাফ’ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মো. ইমরান হোসেন (২৯) নামে এক যুবককে আটক করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে নড়াইল-যশোর মহাসড়কের মালিয়াবাগ মোড় এলাকায় মুন ইটভাটার সামনে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় এসব বোতল উদ্ধার করা হয়। আটক ইমরান হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদেডিহী গ্রামের শফিউল্লাহর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে বোতলগুলো উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা ইমরান হোসেনকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




