রাজবাড়ীর গোয়ালন্দে ইজিবাইকে থাকা এক নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় তিনজনকে আটক করেছেন স্থানীয় লোকজন। এ সময় তাদের কাছ থেকে একটি গুলিবিহীন বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত আরও তিনজন পালিয়ে গেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের বিশ্বনাথপাড়া এলাকায় লুৎফর করিম টিটুর বাড়ির সামনে বেড়িবাঁধের পাকা সড়কে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন ফরিদপুরের সদরপুর উপজেলার শ্যামপুর মটকচর গ্রামের দবির উদ্দিনের ছেলে জুয়েল উদ্দিন (২৩), আমিরাবাদ গ্রামের আ. আলিমের ছেলে মো. জাহিদ (৩২) এবং ফরিদপুর কোতোয়ালি থানার ২৬ নম্বর ওয়ার্ডের বায়তুল আমান এলাকার আনোয়ার শেখের ছেলে মো. রাতুল শেখ (২২)।
স্থানীয় সূত্র জানায়, ছয়জনের একটি দল নির্জন সড়কে পিস্তল দেখিয়ে ইজিবাইকের পথ আটকে দেয়। এ সময় গাড়িতে থাকা এক নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। একই সময় ওই সড়ক দিয়ে যাওয়া একটি প্রাইভেটকারের যাত্রীরা ছিনতাইকারীদের ধাওয়া করেন। পরে তিনজনকে আটক করা সম্ভব হলেও অন্য তিনজন পালিয়ে যান।
খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়। সেখান থেকে একটি ম্যাগাজিন ও ‘TFT 45217’ এবং ‘PT 809’ লেখা গুলিবিহীন বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ ৩২-০৮২৪ নম্বরের একটি সাদা প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



