অনলাইন জুয়া ও মাদকের অপব্যবহার নিয়ন্ত্রণসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মেহেরপুরে মাসিক সভা করেছে জেলা আইনশৃঙ্খলা কমিটি। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে করণীয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে অনলাইন জুয়ার বিস্তার ও মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর ভূমিকা এবং প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়টি গুরুত্ব পায়।
সভায় পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেব, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, আইনজীবী, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা কারাগার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, পরিবার পরিকল্পনা বিভাগ ও শিক্ষা বিভাগের প্রতিনিধিরাও অংশ নেন। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।




