ঝিনাইদহের মহেশপুরে তানিয়া খাতুন (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের ঝিটকিপোতা গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তানিয়া ওই গ্রামের লাখোদারের ছেলে প্রবাসী সেকেন্দারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে কোনো একসময় বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন তানিয়া। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তবে কী কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন, তা জানা যায়নি।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।




