নওগাঁর বদলগাছীতে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষার আবাদ বাড়াতে ৪ হাজার ১০০ কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রিপা রানী, উপজেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদীদ টিপু চৌধুরী এবং বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমানসহ অনেকে।
উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান জানান, কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ১০ কেজি সার, ১০ কেজি পটাশ সার এবং এক কেজি সরিষার বীজ দেওয়া হবে। রবি মৌসুমে সরিষার আবাদ সম্প্রসারণ ও কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।