শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো আশঙ্কা দেখছেন না গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
তার দাবি, গোপালগঞ্জের পরিস্থিতি মোকাবিলায় সরকারের বিশেষ কৌশল রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকার প্রস্তুত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ও সহিংসতার প্রসঙ্গ উঠলে প্রতিমন্ত্রী বলেন, যেসব বিষয়কে কম গুরুত্ব দেওয়া প্রয়োজন, সেগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠিত গণমাধ্যমের বাইরে থাকা কিছু মাধ্যম সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
দেশে বর্তমানে বিএনপির নেতৃত্বে একটি নির্বাচিত সরকার দায়িত্ব পালন করছে উল্লেখ করে আহম্মদ সোহেল মনজুর বলেন, পৃথিবীর ইতিহাসে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া কোনো রাষ্ট্রপ্রধানের ফিরে আসার নজির নেই। শেখ হাসিনা দেশে ফিরবেন না বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের সহনশীলতাকে দুর্বলতা হিসেবে বিবেচনা না করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের বিশেষ কৌশল রয়েছে।
আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা প্রকাশ এবং এ উদ্দেশ্যে বিমান চাওয়ার বিষয়টিকেও ভিত্তিহীন বলে উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, এ ধরনের প্রস্তাব বাস্তবায়ন সম্ভব নয়, এতে কোনো লাভও হবে না।
সভায় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছারসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।