বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের হেড়মা বাজার থেকে দেবরাজ নতুন বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক ৩১ বছরেও পাকা হয়নি। বৃষ্টি হলেই কাদায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে পুরো সড়ক। এতে কয়েকটি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৯৫ সালে বেড়িবাঁধ নির্মাণের পর থেকে সড়কটির উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাঁচা মাটির পথটি পাকা করার উদ্যোগ বাস্তবায়িত হয়নি। বিশেষ করে বর্ষা মৌসুমে হাঁটুপানি কাদা জমে থাকায় ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েন স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী, শিশু ও অসুস্থ ব্যক্তিরা। জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। একই সঙ্গে বাজারে কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্ত কাদায় ভরে যায়। কোথাও কোথাও হাঁটুসমান কাদা জমে থাকায় মানুষকে জুতা হাতে নিয়ে কিংবা কাদা মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। বিকল্প পথ থাকলেও সেটি ভাঙাচোরা ও দীর্ঘ হওয়ায় সাধারণ মানুষকে বাড়তি সময় ব্যয় করতে হয়।
ইসলামিয়া দাখিল মাদ্রাসার ইবতেদায়ি প্রধান সুবহান বলেন, ১৯৯৫ সালে বেড়িবাঁধ নির্মাণের পর থেকে সড়কটির কোনো উন্নয়ন হয়নি। বর্ষার চার মাস যানবাহন চলাচল প্রায় বন্ধ থাকে। এতে চালকদের আয়-রোজগারও ক্ষতিগ্রস্ত হয়। অসুস্থ রোগী ও গর্ভবতী নারীদের নিয়ে যাতায়াত করতে গিয়ে বিপাকে পড়তে হয়। হেড়মা থেকে দেবরাজ হয়ে পঞ্চকরণ নতুন বাজার পর্যন্ত সড়কটি পাকা করার দাবি জানান তিনি।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সোহানুর জানায়, বৃষ্টির দিনে কাদার কারণে স্কুলে যাওয়া কঠিন হয়ে পড়ে। চলার পথে পড়ে গিয়ে বই-খাতা ও পোশাক নষ্ট হয়। তাদের বিদ্যালয়ে ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী রয়েছে। দ্রুত সড়কটি সংস্কারের দাবি তার।
স্থানীয় বাসিন্দা অজিয়ার রহমান বলেন, একটু বৃষ্টি হলেই সড়কে হাঁটুসমান কাদা জমে। এতে শিশুরা স্কুলে যেতে পারে না, সাধারণ মানুষের চলাচলও ব্যাহত হয়। সরকারি উদ্যোগে রাস্তাটি উন্নত করা হলে এলাকার মানুষের কষ্ট কমবে।
মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ আলী হাসান জুমাদ্দার বলেন, সড়কটির পাশে বাজার, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা রয়েছে। বর্ষায় শিক্ষার্থী, শিক্ষক, রোগী ও ব্যবসায়ীদের চলাচলে চরম সমস্যা হয়। কাঁচামালসহ প্রয়োজনীয় পণ্য পরিবহনেও দুর্ভোগ পোহাতে হয়।
স্থানীয় বাসিন্দা জালাল জানান, দীর্ঘদিন ধরে সড়কটির উন্নয়ন না হওয়ায় এলাকার মানুষ অবহেলার শিকার হচ্ছেন। সামান্য বৃষ্টিতে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ে। অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে যায়।
৭০ বছর বয়সী তরফদার শেখ বলেন, প্রতিদিন হাঁটুসমান কাদা মাড়িয়ে প্রায় তিন কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। বাজারে যাওয়ার জন্যও এই সড়কের ওপর নির্ভর করতে হয়। জীবনের শেষ বয়সে রাস্তাটি পাকা দেখে যেতে চান তিনি। তার অভিযোগ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বারবার আশ্বাস দিলেও বাস্তবে কোনো কাজ হয়নি।
তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি খান রফিকুল ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে সড়কটিতে কোনো কাজ হয়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীর কাছে একাধিকবার আবেদন করেছেন। সড়কটির কাজের বিল পাস হয়েছে বলে তিনি জানতে পেরেছেন, তবে এখনো কাজ শুরু হয়নি বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে বাগেরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুর রশিদ বলেন, সড়কটির বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর বর্তমান অবস্থা ও উন্নয়ন প্রকল্পের বিষয়টি যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, সাময়িক সংস্কার নয়, হেড়মা বাজার থেকে দেবরাজ বাজার হয়ে পঞ্চকরণ নতুন বাজার পর্যন্ত পুরো সড়কটি স্থায়ীভাবে পাকা করা হোক। এতে দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ থেকে মুক্তি পাবেন কয়েকটি গ্রামের মানুষ।