রংপুরের পীরগঞ্জে ফারুক মিয়া (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার রামনাথপুর ইউনিয়নের আব্দুল্ল্যাপুর এলাকার গোজগলের বিলসংলগ্ন একটি কাঁঠালগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফারুক ওই এলাকার আইয়ুব আলীর ছেলে। পেশায় তিনি ট্রাকচালক ছিলেন। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় তিন মাস আগে ফারুক নিজ বাড়ি ছেড়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলদাদপুর গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন। সোমবার সকালে গোজগলের বিল এলাকায় একটি গাছে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি নাজমুল হক। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।