সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে দিনাজপুরের চিরিরবন্দরে বড় পরিসরে কৃষি সহায়তা দিয়েছে সরকার। এর আওতায় আড়াই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে উন্নত জাতের সরিষার বীজ ও রাসায়নিক সার তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় চিরিরবন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া। উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সভা শেষে কৃষকদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা।
কৃষি প্রণোদনার আওতায় প্রত্যেক কৃষককে উন্নত জাতের সরিষার বীজের পাশাপাশি ১০ কেজি এমওপি ও ১০ কেজি টিএসপি সার দেওয়া হয়। সরকারের এ সহায়তায় সরিষা চাষের পরিধি বাড়বে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ আখতারুজ্জামান মিয়া বলেন, কৃষক যেন সময়মতো প্রয়োজনীয় বীজ, সার ও অন্যান্য উপকরণ পান, সরকার তা নিশ্চিত করতে কাজ করছে। কৃষি ও কৃষকের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়। আধুনিক কৃষিপ্রযুক্তি কৃষকের কাছে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, চিরিরবন্দরে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক কারবারিদের অবৈধ পথ ছেড়ে বৈধ কর্মসংস্থানে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে সরকার তাদের সহযোগিতা করবে। তবে মাদক ব্যবসায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠানে কৃষি উপকরণ বিতরণের পাশাপাশি দুস্থ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে ১২টি হুইলচেয়ার এবং অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে ২০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রায়হান আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুন নবী, অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম মমিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।