রাঙ্গামাটির রাজস্থলীতে উপজেলায় বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা (৪৫) নামের একজন নিহত হয়েছে। হরি মনি ত্রিপুরা রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বলিপাড়া এলাকার ওমাইপ্রু ত্রিপুরার ছেলে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। রাজস্থলী থানার অফিসার ইনচার্জ(ওসি) খালেদ হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের বড় ভাই জন ত্রিপুরা জানান, সোমবার পাহাড়ে ঝুম ক্ষেতের ধান আনতে যান হরিমনি ত্রিপুরা। পাহাড়ের উপর দিক থেকে হঠাৎ বন্য শূকরের পাল তাকে আক্রমণ করে। এসময় কোন লোক না থাকায় পালিয়ে যাবার সময় শূকরের সামনে পড়ে যান হরিমনি। শূকরের আক্রমনে তার শরীর ক্ষত-বিক্ষত করে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে নিজ বাড়ীতে রাখা হয়েছে। তিনি আরো বলেন আমাদের পরিবার থেকে কোন অভিযোগ নাই। বিষয়টি ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা অবহিত করা হয়েছে।
ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এলাকায় এনে আমাকে বিষয়টি জানিয়েছেন। এলাকা দুরবর্তী হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো সম্ভব হচ্ছেনা। তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা কে অবহিত করেছেন বলে জানান।
রাজস্থলী থানার অফিসার ইনচার্জ(ওসি) খালেদ হোসেন সত্যতা নিশ্চিত করে জানান স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে বন্য শূকরের আক্রমনে একজন নিহতের সংবাদ পেয়েছি। পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ স্থানীয়ভাবে সৎকার করা হবে।