মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছগুলো দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়।
শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা রকিবুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা যমুনা নদীতে মা ইলিশ শিকার করছিলেন। মৎস্যসম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়।
তিনি জানান, অভিযানে জব্দ করা অবৈধ জালের আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ করা ইলিশ মাছ দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।
অবৈধভাবে মাছ আহরণ বন্ধে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত নদীতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। অভিযানে উপজেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র ক্ষেত্র সহকারী শফিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।




