নগরীর অপরাধ নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি ব্যবস্থা জোরদারের উদ্যোগ নিয়েছে সিরাজগঞ্জ প্রশাসন। এ পরিকল্পনার আওতায় শহরের গুরুত্বপূর্ণ ৮১টি স্থানে স্থাপন করা হবে ২৬৬টি সিসি ক্যামেরা। এ লক্ষ্যে জেলা প্রশাসন ও সিরাজগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে গঠিত কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হোসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম এবং পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা।
সভায় শহরের কোথায় কোথায় সিসি ক্যামেরা স্থাপন করা হবে, কীভাবে প্রকল্প বাস্তবায়ন করা হবে এবং ক্যামেরাগুলোর সংরক্ষণ ও পরিচালনা কীভাবে নিশ্চিত করা হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগেও শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর সেগুলোর অধিকাংশই অকার্যকর হয়ে পড়ে। ফলে শহরের নিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর নজরদারির ঘাটতি তৈরি হয়।
এ পরিস্থিতিতে নতুন করে ৮১টি গুরুত্বপূর্ণ স্থানে ২৬৬টি সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে শহরের সার্বিক নিরাপত্তা জোরদার এবং অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে সহায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।