চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়ায় পরিবহন চালকদের দীর্ঘদিনের পার্কিং সমস্যার সমাধানে স্ট্যান্ড নির্মাণ করা হচ্ছে। চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ জসীম উদ্দীন আহমেদের উদ্যোগে কার, মাইক্রোবাস, হাইচ ও সিএনজির জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর)  বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া পুরাতন কলেজ গেট-সংলগ্ন এলাকায় গিয়ে দেখা যায়, পার্কিং স্ট্যান্ডের নির্মাণকাজ চলছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, স্ট্যান্ডটি চালু হলে সড়কের ওপর এলোমেলোভাবে গাড়ি রাখা কমবে। এতে যানজট নিরসন ও যাত্রীদের যাতায়াত সহজ হতে পারে।
গাছবাড়িয়া কার, মাইক্রো ও হাইচ সমিতির নেতারা জানান, নির্দিষ্ট পার্কিংয়ের জায়গা না থাকায় চালকদের বাধ্য হয়ে মহাসড়কের পাশে বা সড়কের ওপর গাড়ি রাখতে হতো। এতে যানজটের পাশাপাশি চালকদের ভোগান্তিও বাড়ত। নতুন স্ট্যান্ড নির্মাণের উদ্যোগে তারা স্বস্তি প্রকাশ করেছেন।
স্থানীয় এক চালক বলেন, এত দিন রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে সড়কের পাশে গাড়ি রাখতে হতো। নির্দিষ্ট পার্কিংয়ের জায়গা হলে এই সমস্যা অনেকটাই কমবে। অন্য এক চালক বলেন, নতুন স্ট্যান্ড চালু হলে যাত্রীরা সহজে গাড়ি খুঁজে পাবেন এবং চালকদের আয় বাড়ার সম্ভাবনাও তৈরি হবে।
পরিবহন শ্রমিকেরা সংসদ সদস্যের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, চালকদের দীর্ঘদিনের সমস্যার সমাধানে এ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি শতাধিক পরিবহন শ্রমিক উপস্থিত ছিলেন।