লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত এলাকায় চিতাবাঘের উপস্থিতির খবরে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। বাঘের সন্ধানে লাঠিসোঁটা নিয়ে বাঁশঝাড় ঘিরে তল্লাশি চালিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে দীর্ঘ সময় খুঁজেও প্রাণীটির দেখা মেলেনি।
রবিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামের আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯০৫ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, কয়েক দিন ধরে সীমান্তের একটি বাঁশবাগান থেকে চিতাবাঘ বের হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। রোববারও প্রাণীটি লোকালয়ে এসেছে বলে খবর পেয়ে গ্রামবাসী একত্রিত হন। পরে বাঁশঝাড়ের চারপাশে তল্লাশি চালালেও কোনো চিহ্ন পাওয়া যায়নি।
গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোব্বেরুল হক মনা জানান, বাঘ বের হওয়ার চিৎকার শুনে লোকজন বাঁশঝাড়টি ঘিরে ফেলেন। কিন্তু সেখানে প্রাণীটির অস্তিত্ব নিশ্চিত করতে না পেরে তারা ফিরে যান।
এলাকাবাসীর আতঙ্কের সূত্রপাত গত ২৫ অক্টোবর। ওই দিন সীমান্তের কাছে ছাগল আনতে গিয়ে চিতাবাঘের সামনে পড়েন শরীফা বেগম। বাঘটি ছাগলকে আক্রমণ করলে সেটিকে রক্ষার চেষ্টা করেন তিনি। এ সময় শরীফার ওপরও হামলা চালায় প্রাণীটি। পরে তাকে বাঁচাতে এগিয়ে আসা নজরুল ইসলাম ও আফছার আলীও বাঘের আক্রমণের শিকার হন। তিনজনই আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।
ঘটনার পরদিন ২৬ অক্টোবর বন বিভাগের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে বাঘটির সন্ধানে অভিযান শুরু করে। টানা চার দিন অনুসন্ধান চালিয়েও কোনো হদিস না পেয়ে ২৯ অক্টোবর তারা অভিযান সমাপ্ত করে ঢাকায় ফিরে যায়।
এক মাস পেরিয়ে গেলেও চিতাবাঘটির অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। ফলে সীমান্তবর্তী গ্রামের মানুষের মধ্যে ভয় কাটছে না। বন্য প্রাণীটির দেখা না মিললেও সামান্য শব্দ কিংবা শিয়ালের চলাচলেও বাঘের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়ছেন অনেকে।